বালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ
দি নিউজ লায়নঃ দীর্ঘদিন বিপজ্জনক অবস্থায় থাকা পুরনো একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটল হাওড়ার বালিতে। দোতলা ওই বাড়ির একটি অংশ পাশের বাড়ির দেওয়ালে বিপজ্জনকভাবে আটকে যাওয়ায় এদিন অল্পের জন্য রক্ষা পান বাড়িতে থাকা এক নিরাপত্তারক্ষী। বুধবার সন্ধ্যে নাগাদ খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিন মুষলধারে বৃষ্টির পর বিকেলের দিকে বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটে ঘটনাটি ঘটে।
বাড়ির একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনার কারণে প্রতিবেশীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির অন্যান্য সদস্যদের সুরক্ষা জায়গায় নিয়ে যাওয়া হয়। এক মহিলা এবং এক ব্যক্তিকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেশী সৌগত ব্যানার্জি বলেন, এই বাড়িটি দীর্ঘদিন ধরেই খুব বাজে অবস্থায় রয়েছে।
অনেকবার বলা হয়েছে বাড়িটি সংস্কারের জন্য। কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি। উদ্যোগের অভাবেই এই দুর্ঘটনা ঘটল। এর আগেও বাড়ির অন্য অংশ ভেঙে পড়েছিল। অন্য সময় হলে এখানে জীবনহানি ঘটতে পারত। আমরা অনেকবার বলেছিলাম বাড়িটি সংস্কার করার জন্য। কিন্তু কেউ কর্ণপাত করেনি। আগামীকাল হাওড়া পুরসভা ইঞ্জিনিয়াররা এসে বিষয়টি দেখবেন।

Post a Comment