অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা বিধায়কের
দি নিউজ লায়নঃ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবার শিক্ষক দিবসে অভিনব পদ্ধতিতে শিক্ষক দিবস পালিত হল আমতায়। আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যেগে কোভিড পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত বর্ষিয়ান শিক্ষকদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল। বাড়িতে বসে এভাবে সংবর্ধনা পাওয়ায় আপ্লুত বর্ষিয়ান শিক্ষকরাও। শুধু তাই নয় এদিন রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা কল্যাণপুরের বিধানসভা কেন্দ্রের ( বর্তমানে এটা আমতা বিধানসভা হয়েছে ) প্রাক্তন বাম বিধায়ক রবীন্দ্রনাথ মিত্রের সঙ্গে দেখা করে তাকেও সংবর্ধিত করলেন আমতার বর্তমান তৃণমূল বিধায়ক সুকান্ত পাল।
এদিন যেসব এলাকায় বিধায়ক নিজে উপস্থিত হতে পারেননি সেইসব শিক্ষকদের বাড়িতেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলের শিক্ষা সংগঠনের শিক্ষকরা ওই বর্ষিয়ান শিক্ষকদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধনা দেন। সুকান্ত পাল বলেন সমস্ত শিক্ষকদেরই আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আমরা রবিবার শিক্ষক দিবস উপলক্ষে এলাকার ১০০ জন বর্ষিয়ান শিক্ষককে তাদের বাড়িতে গিয়ে সংবর্ধিত করেছি। আগামী দিনে আরো বেশি বর্ষিয়ান শিক্ষকদের এভাবে সংবর্ধিত করা হবে। তিনি বলেন করোনা পরিস্থিতিতে বর্ষিয়ান শিক্ষকদের অন্যত্র ডেকে এনে শিক্ষক দিবস পালন করাটা সমস্যার। তাই নিরাপদ ভাবে এই অনুষ্ঠান পালনের জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে বর্ষিয়ান শিক্ষকদের সংবর্ধিত করার পরিকল্পনা করা হয়েছিল।

Post a Comment