আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প - The News Lion

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প

 


দি নিউজ লায়নঃ  আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। এই ব্যবস্থাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে খাদ্য দপ্তর। প্রশাসনিক কর্তাদের পাশাপাশি রেশন ডিলারদের নিয়ে বৈঠক করেছে খাদ্য দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। খাদ্য দপ্তর সূত্রে খবর প্রাথমিকভাবে ১৫ শতাংশ রেশন ডিলারদের নিয়ে এই পাইলট প্রজেক্ট চালু হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে সর্বত্র এই প্রকল্প চালু হয়ে যাবে বলে খাদ্য দপ্তরের কর্তাদের আশা। খাদ্য দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে হাওড়া জেলায় মোট রেশন ডিলারের সংখ্যা ৬৫৪ ( হাওড়া পুরসভা বাদে)।


 এদের মধ্যে ১৫ শতাংশ ডিলারদের নিয়ে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। জেলা প্রশাসন সূত্রে খবর পুরো বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা ব্লক স্তরে দফায় দফায় আলোচনার পাশাপাশি ডিলারদের নিয়ে বৈঠক করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের গাড়ি জোগাড় করতে বলা হয়েছে। পরবর্তী সময়ে নিজস্ব গাড়ি কিনলে খাদ্য দপ্তর ভর্তুকি দেবে। এর পাশাপাশি এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিলারদের অতিরিক্ত কর্মী রাখতে হবে এবং সেক্ষেত্রে ডিলারদের খরচ বাড়বে। দপ্তর সূত্রে খবর এই বিষয়টি চিন্তা করে ডিলারদের কমিশন বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।


এই প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামসুল আলম মোল্লা জানান হাওড়া সদর এলাকার ৪০ জন এবং উলুবেড়িয়া মহকুমার ৬৮ জন রেশন ডিলারকে নিয়ে জেলায় এই পাইলট প্রজেক্ট শুরু করা হচ্ছে। তিনি জানান রাজ্য সরকারের এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আমরা তৎপর আছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.