ভুজিয়া সরবরাহকারীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বাউন্সার
দি নিউজ লায়নঃ বর্ধমান শহরের জেলখানা মোড়ের একটি পানশালায় ভুজিয়া সরবরাহকারীকে মারধরের ঘটনায় বাউন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সিকান্দার সাহানি। বর্ধমান শহরের কেষ্টপুর গিমটিফটক এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকার বাসিন্দা গৌতম সাউ পানশালায় দীর্ঘদিন ধরে ভুজিয়া সরবরাহ করেন। শনিবার দুপুরে তিনি ভুজিয়া বাবদ পাওনা টাকা আনতে পানশালায় যান। ম্যানেজারের সঙ্গে কথা বলে তিনি নীচে নামছিলেন।
লিফটের কাছেই ৬-৭ জন বাউন্সার তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। প্লাস্টিকের পাইপ দিয়ে তাঁকে মারা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ম্যানেজারের ঘরের দিকে চলে আসেন। তাঁকে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। পানশালার তরফে বিষয়টি ফোন করে থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার বিষয়ে রাতেই গৌতম থানায় অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগ, মারধরের পাশাপাশি তাঁর কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা কেড়ে নেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিস খুনের চেষ্টা ও চুরির ধারায় মামলা রুজু করেছে। বাকি অভিযুক্তরা অবশ্য এখনও অধরা। রবিবার ভোরে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment