অষ্টম শ্রেণীর এক ছাত্রের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার - The News Lion

অষ্টম শ্রেণীর এক ছাত্রের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   অষ্টম শ্রেণীতে পাঠরত এক ছাত্রের অগ্নিদগ্ধ হয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে সোমবার আনুমানিক বেলা দশটা নাগাদ নবদ্বীপ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের দণ্ডপানি তলা ঘাট পুরুষ চরণ মাঠ এলাকায়। মৃত ছাত্রটির নাম দেবজিত দাস, বয়স তেরো বছর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,এই দিন সকালে নাবালক ছাত্রটির অগ্নিদগ্ধ নিথর দেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেয় এলাকাবাসীরা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


পেশায় রেল হকার দুলাল দাস ও তাঁর স্ত্রী  সীমা দাস ও দাস দম্পতির একমাত্র সন্তান দেবজিত কে নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করতেন। অভিযোগ, মাঝেমধ্যেই দুলাল বাবুর সাথে দাম্পত্য কলহ লেগে থাকত স্ত্রী সীমার সাথে। ফলে এর আগে স্বামী সন্তানকে ফেলে রেখে বাড়ি ছেড়ে একাধিকবার চলে যাওয়ার দৃষ্টান্তও রয়েছে সীমা দেবীর বিরুদ্ধে। পাশাপাশি নিজের সন্তানদের সাথেও সম্পর্ক খুব একটা ভালো ছিল না সীমা দেবীর বলেও অভিযোগ স্থানীয়দের। এছাড়াও এই দিন সকালে ছাত্রটির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হওয়ার সময় পাশের ঘরে একাই ছিলেন সীমা দেবী বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এমনকি ঘরের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেও ছেলেকে বাঁচানোর ক্ষেত্রে সেই অর্থে কোন সদিচ্ছা প্রকাশ করেননি তিনি বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের। 


যার পরিপ্রেক্ষিতে এলাকায় ভদ্র,সভ্য ও নিরীহ প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত দেবজিতের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে সীমা দেবীর হাত থাকতে পারে বলে ধারণা করছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর পেয়ে এই দিন সকালে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেবজিতের অগ্নি দগ্ধ নিথর দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি দেবজিতের মৃত্যুর পেছনে তাঁর মায়ের ইন্ধন থাকতে পারে এই সন্দেহে ধীরে ধীরে জনরোষ দানা বাঁধতে থাকে এলাকাজুরে। বিষয়টি বুঝতে পেরে জনরোষের হাত থেকে রক্ষা করতে সীমা দাস কে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.