উলুবেড়িয়ায় হেলে যাওয়া বহুতল সোজা করার কাজ শুরু - The News Lion

উলুবেড়িয়ায় হেলে যাওয়া বহুতল সোজা করার কাজ শুরু

 


দি নিউজ লায়নঃ আগস্ট মাসের প্রথম দিকে উলুবেড়িয়া বাজারপাড়া এলাকায় একটি বহুতলের মাথার দিকে প্রায় ১৫ ইঞ্চি হেলে গিয়েছিল। আতঙ্ক ছড়িয়ে ছিল বাসিন্দাদের মধ্যে। আর সেই হেলে যাওয়া বহুতলকে ৫০০ টি জ্যাকের সাহায্যে সোজা করার কাজ শুরু করেছে হরিয়ানার একটি সংস্থা। সংস্থার ২০ জন শ্রমিক পুরোদমে কাজ করে ইতিমধ্যে বহুতলটিকে কিছুটা সোজা করেছে। বহুতলের প্রোমোটার অর্ণব ঘোষ জানান পুরসভাকে কথা দিয়েছিলাম বহুতলটিকে সোজা করে দেব। সেইমতো কাজ করছি।


জানা গেছে ২০১৫ সালে পুরসভার অনুমতি নিয়ে প্রায় সাড়ে ৩ হাজার বর্গফুট এলাকা বিশিষ্ট বহুতল নির্মাণের কাজ শুরু হয়। ২০১৭ সালে কাজ শেষ হওয়ার পর বাসিন্দারা বহুতলে থাকতে শুরু করে। যদিও আগস্ট মাসের প্রথমদিকে বাসিন্দারা লক্ষ্য করেন বহুতলের নিচের অংশ ঠিক থাকলেও মাথার দিকের অংশ ক্রমশ দক্ষিণ দিকে হেলে যাচ্ছে। এর পরেই তারা বিষয়টি পুরসভাকে জানান। পুরসভা বহুতলের প্রোমোটারকে বহুতল সোজা করার নির্দেশ দেন। আর তারপরেই প্রোমোটার হরিয়ানার একটি সংস্থা কে এই কাজের দায়িত্ব দেন। 


সংস্থার কর্মীরা জানান যে কোনো হেলে যাওয়া বহুতলকেই সোজা করা যায়। এক্ষেত্রে ভিতের উপরের অংশ থেকে ইট সরিয়ে জ্যাক লাগানো হয়। এখানে ৫০০ টি জ্যাক লাগিয়ে বহুতলটিকে ভিত থেকে আলাদা করা হয়েছে। তারপরে আস্তে আস্তে হেলে যাওয়া অংশ সোজা করা হচ্ছে। পরে জ্যাকের মাঝের অংশে ইটের গাঁথনি দেওয়া হচ্ছে। গাথনি শেষ হলে জ্যাক গুলি বের করে নেওয়া হবে। বহুতলের প্রোমোটার অর্ণব ঘোষ জানান বহুতলের পাশে থাকা বহু প্রাচীন একটি গভীর নর্দমা বসে যাওয়ায় এই বিপত্তি। এটাকে সোজা করতে খরচ হচ্ছে ২৫ লক্ষ টাকা। আমি পুরসভাকে কথা দিয়েছিলাম সেইমতো সংস্থার কর্মীরা বহুতলকে সোজা করার কাজ করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.