বৌদির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠলো ননদের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ সাড়ে ছয় লক্ষ টাকা ননদকে ধার দিয়েছিলেন বৌদি। আর সেই টাকা চাইতে গিয়ে বৌদির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠলো ননদের বিরুদ্ধে। এমন কি ওই গৃহবধূকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়।
এই হামলার ঘটনার পর আক্রান্ত গৃহবধূ অভিযুক্ত ননদ সারদ বিবি, মোজাম্মেল শেখ, রফিক শেখ সহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম নাজমা বিবি (৩৪)। গুরুতর জখম ওই গৃহবধূকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, ওই গৃহবধূর বাম কানের নিচের একটি অংশ কেটে ঝুলে গিয়েছে। জরুরী কালীন অস্ত্রোপচারের মাধ্যমে আপাতত ওই মহিলার কানের অংশটি জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আক্রান্ত গৃহবধূ পুলিশকে অভিযোগে জানিয়েছেন, তার ননদ তাদের কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা ধার নিয়েছিলেন। এদিন সকালে সেই টাকা চাইতে যান তিনি। টাকা চাইতে গেলে তার ননদ এবং তার ছেলেরা তাকে মারধোর করে। হামলা চালানোর সময় অভিযুক্ত ননদ দাঁত দিয়ে কামড়ে ওই গৃহবধূর কানের একটি অংশ ছিড়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে পাড়া-প্রতিবেশীরা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

Post a Comment