মেদিনীপুর পৌরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল
দি নিউজ লায়নঃ এখনো পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি । তা সত্ত্বেও চুপ করে বসে থাকতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই মেদিনীপুর পৌরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাতে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে মহিলা তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দলীয় কর্মীদের বুথে বুথে গিয়ে কাজ করার নির্দেশ দেয় ।ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় ও জেলা সভাপতি সুজয় হাজরা, তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদুৎ ঘোষ, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া,মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় সহ অন্যান্যরা।
দলের প্রত্যেকে কর্মীকে নিজেদের বুথে কাজ করার নির্দেশ দেন দলের নেতারা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনার নির্দেশ দেওয়া হয়। কোথাও যদি কোন সমস্যা থাকে তা দলীয় নেতৃত্ব কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে মেদিনীপুর পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য সেই নির্বাচন হয়ে উঠেনি ।বর্তমান পৌর প্রশাসক হিসাবে সৌমেন খান কাজ করছেন। তাই মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডে জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি মানুষের সাথে কথা বলার তাদের কোনো সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা জানান। তিনি বলেন বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তা নিয়ে আমরা আত্মসন্তুষ্টি তে থাকতে চাইনা। সামনেই পৌরসভা নির্বাচন। সেই পৌরসভা নির্বাচনে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য দলের কর্মীরা এখন থেকে কাজ করবে। নির্বাচনএর দিন ঘোষণার পরেই প্রার্থী ঠিক করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়।

Post a Comment