মুথুট ফাইনান্সে দুঃসাহসিক ডাকাতি
দি নিউজ লায়নঃ দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল আসানসোলে কোর্ট মোড়ে মুথুট ফাইনান্সে। ৪ জন দুস্কৃতি ক্রেতা সেজে আসানসোল কোর্ট মোড়ে ওই আর্থিক সংস্থার অফিসে ঢোকে তারপর গান পয়েন্টে ভল্টের চাবি কেড়ে নেয়। কর্মীদের মারধরও করা হয়। আনুমানিক ১০ লক্ষ টাকা নগদ ও ১২ কেজি সোনা লুঠ করা হয়েছে বলে খবর। ঘটনার পরেই তৎপর হয়েছে পুলিশ। বাংলা ঝাড়খন্ডের সব সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। এর আগেও এই সংস্থার এই শাখাতেই ডাকাতির ঘটনা ঘটেছিল।
আজ দুপুরে অনান্য দিনের মতই খোলা ছিল আর্থিক ঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফাইনান্স। জমজমাট কোর্ট মোড়ে দিনেদুপুরে চার দুস্কৃতি ক্রেতা সেজে ঢুকে পড়ে মুথুট ফাইনান্সের ওই শাখায়। কর্মীরা জানিয়েছে ঢুকেই তারা বন্দুক বের করে নিরাপত্তা রক্ষীকে মারধর করে এরপর গান পয়েন্টে সব কর্মীদের নিয়ে নেয়। তারপর ভল্টের চাবি ছিনিয়ে নেয় কর্মীদের থেকে। এরপর বিনা বাধায় প্রায় ২০ মিনিট ধরে লুঠপাট চালায় দুস্কৃতিরা।
মুথুট ফাইনান্সের কর্মী সোনালী গুপ্ত জানান, "চারজনের হাতেই বন্দুক ছিল। ওরা বলছিল আমাদের বাড়ি থেকে শুরু করে সবকিছু ওরা জানে। বেশ কয়দকদিন ধরে ফলো করছিল। আনুমানিক ১০ লক্ষ টাকা নগদ ও ১২ কেজি সোনা লুঠ করে নিয়ে গেছে ওরা।"
মুথুট ফাইনান্সের নিরাপত্ত রক্ষী অনিল পান্ডে জানান, ওরা ঢুকেই আমাকে মারধর করে। বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। তারপর ভিতরে ঢুকে সোনা টাকা লুঠ করে পালায়।
২০১৭ সালেও একই কায়দায় মুথুট ফাইনান্সের এই শাখাতেই দুঃসাহসিক ডাকাতি হয়েছিল। সেবার ৮ থেকে ১০ কোটি টাকার সোনা লুঠ করে পালিয়েছিল দুস্কৃতিরা। সেবার অবশ্য শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে গেছিল দুস্কৃতিরা। উদ্ধার হয়েছিল সোনাও। ফের একই কায়দায় ডাকাতি হল।
ঘটনার পরেই তৎপর হয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতিদের চিহ্নিত করার কাজ চলছে। অন্যদিকে বাংলা ঝাড়খন্ডের সব সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। সিল করা হয়েছে জেলার সীমাগুলিও।

Post a Comment