সংকটজনক রোগীকে তিন ঘন্টা ভর্তি নিল না হাসপাতাল, ভর্তির পর রোগীর মৃত্যু অভিযোগ
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী অরুণ রানা অসুস্থ হয়ে মেদিনীপুর শহরের গ্লোকাল বেসরকারি হাসপাতাল ১৫ দিন ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ওই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।বাড়ি ফিরে শনিবার তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তাকে ফের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করার পর ভর্তি নেওয়া হয়।ভর্তি করার পরেই অরুণ রানা মারা যায়। মৃত অরুণ রানার ছেলে সৌরভ রানা অভিযোগ করে বলেন তার বাবা সংকট জনক হওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নিতে চায় নি। বহু টালবাহানার পর যখন ভর্তি নিল তখন সব শেষ ।
তিনি ওই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছেন। বিষয়টি তিনি কোতোয়ালি থানার পুলিশকে জানিয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগেও ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠে।সেই সঙ্গে একাধিক অভিযোগ রয়েছে ওই হাসপাতালের বিরুদ্ধে বলে স্থানীয় বাসিন্দারা জানান। কোতয়ালি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ।সৌরভ রানা আরো বলেন যে প্রথমেই বলা হয়েছিল স্বাস্থ্য সাথী কার্ডে মেডিক্লেম নিয়ে ভর্তি করা হবে না। নগদ টাকা দিলে ভর্তি নেওয়া হবে।তাতে রাজি হয়ে ছিলাম,কিন্তু আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না ।ওই বেসরকারি হাসপাতাল রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে তিনি অভিযোগ করেন।

Post a Comment