রাজ প্রথা মেনে কোচবিহারে বড় দেবীর মন্দিরে স্থাপিত হল ময়নাকাঠ
দি নিউজ লায়নঃ রাজ আমলের রীতি মেনে রাধা অষ্টমীতে কোচবিহার বড় দেবীর মন্দিরে স্থাপিত হল ময়না কাঠ। আজ ময়না কাঠের স্থাপনকে কেন্দ্র করে বিশেষ পূজার আয়োজন করা হয় সেখানে। ওই পূজায় উপস্থিত ছিলেন দেবত্বর ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান তথা জেলা শাসক পবন কাদিয়ান, দেবত্বর ট্রাস্ট বোর্ডের দুয়ারবক্সি অজয় কুমার দেব বক্সি, রাজ পুরহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য সহ দেবত্বর ট্রাস্ট বোর্ডের কর্মীরা। এদিন ওই বিশেষ পূজার পর ময়নাকাঠকে তিন দিন হওয়া খাওয়ানো হবে।
আর তারপরেই ময়না কাঠের উপরে তৈরি হবে বড় দেবীর মূর্তি।কোচবিহারের রাজাদের স্বপ্নাদেশে পাওয়া বড় দেবীর পূজা ৫০০ বছরেরও বেশী পুরানো। বড় দেবী অন্যান্য দুর্গা প্রতিমার থেকে কিছুটা আলাদা। এখানে দেবীর বাহন বাঘ, আর দেবীর দুপাশে রয়েছে জয়া বিজয়া। বড় দেবীর পূজায় এক সময় নর বলির প্রচলন ছিল। এখন প্রতীকী হিসেবে পুতুল বলি দেওয়া হয়ে থাকে। সাথে দেওয়া আঙ্গুল চিরে নর রক্ত।
এছাড়াও পাঠা, মোষ, মাগুর মাছ, পায়রা এমনকি শুকোরও বলি দেওয়ার প্রচলন এখনও রয়েছে বড় দেবীর পূজায়। প্রাচীন এই পূজা দেখতে শুধু কোচবিহারের মানুষই নয়, প্রতিবেশী রাজ্য অসম, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থী আসেন। কিন্তু গত বছর থেকে করোনা মহামারির দাপটে ভির কিছু হলেও কমে গিয়েছে। এবার স্বাস্থ্য বিধি মেনে দর্শনার্থীরা ফের ভির জমাবেন বলেই কোচবিহারের মানুষের প্রত্যাশা।
এদিন পুজো শেষে কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান জানান, আজও বড় দেবীকে সম্পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে পূজা করা হয়ে থাকে। তিনি আরও বলেন, “আমাদের পূজা মরসুম শুরু হয়ে গেছে। কিন্তু করোনা এখনো আমাদের ছেড়ে যায়নি। তাই পূজা দেখুন, মজা করুন কিন্ত করোনা বিধি মেনে।”

Post a Comment