আজ থেকে জেলায় জেলায় শুরু হল রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প
দি নিউজ লায়নঃ বুধবার থেকে জেলায় জেলায় শুরু হল রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প। আর প্রথম দিনেই ব্যাপক সাড়া পড়ল এই প্রকল্পে। প্রকল্পের আওতায় বিলি করা হল চাল, চিনি, আটার মত রেশন সামগ্রী। বিভিন্ন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মূলত দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হল। আগামী দিনে বিভিন্ন জেলা জুড়ে পূর্ণাঙ্গ ভাবে এই প্রকল্প শুরু হয়ে যাবে।
ঝাড়গ্রাম
বিনপুর দুই ব্লকের আমলাশোল গ্রামে গিয়ে বুধবার পরীক্ষামুলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। তিনি প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার আমলাশোল গ্রামে গিয়ে মানুষের হাতে রেশন তুলে দেন। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা ।খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন আগে মানুষকে তিন ,চার কিলোমিটার দূরে গিয়ে রেশন আনতে হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ফলে আর বেশি দূরে গিয়ে কাউকে রেশন আনতে হবে না, বাড়িতে রেশন পৌঁছে যাবে । তিনি বলেন আমলাশোল আগেই সংবাদ শিরোনামে উঠেছিল । বাম সরকারের আমলে এই গ্রামে অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেছিল। বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর আমলাশোল গ্রামের একাধিক উন্নয়ন হয়েছে। সোলার লাইট বসানো হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। অবশেষে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনে আরো উন্নয়ন হবে বলে তিনি আমলাশোল গ্রামের বাসিন্দাদের আশ্বাস দেন।
মালদা
রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে রেশন কর্মসূচির পরীক্ষামূলকভাবে প্রস্তুতি নিল জেলা খাদ্য দপ্তরের কর্তারা । বুধবার সকালে পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালশাপাড়া এলাকার একটি প্রাথমিক স্কুল থেকেই গ্রাহকদের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে চাল, চিনি, আটা বিলি করা হয় । সেখানে রেশন নেওয়ার জন্য অনেক গ্রাহকরাই উপস্থিত হয়েছিলেন। পরীক্ষামূলক ভাবে এদিনের এই কর্মসূচী সফল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার রেশন ডিলার সহ খাদ্য দপ্তরের কর্তারা।
এদিন রেশন নিতে আসা পারভীন বিবি , পপি বিবিদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ির মহিলাদের জন্য লক্ষীভান্ডার প্রকল্প চালু করে সাড়া ফেলে দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর উদ্যোগে একাধিক সরকারি প্রকল্প পড়ুয়া থেকে সাধারণ মানুষদের জন্য করা হয়েছে। এবারে দুয়ারে রেশন কর্মসূচির মাধ্যমে প্রত্যেক গ্রাহকের নির্দিষ্ট ভাবে রেশনের খাদ্য সামগ্রী পাবেন । এদিন সুষ্ঠুভাবেই এই খাদ্য সামগ্রী বন্টন করা হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে , রাজ্য সরকারের এটি একটি পাইলট প্রজেক্ট । এদিন প্রথম পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন কর্মসূচি প্রস্তুতি শিবির করা হয় সংশ্লিষ্ট এলাকার একটি প্রাথমিক স্কুলে । আগামীতে বিভিন্ন এলাকাতেই এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের রেশনের খাদ্য সামগ্রী বিলি করা হবে।
নদিয়া
রানাঘাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয়।এদিন মূলত রানাঘাট ভট্টাচার্য্য পাড়ায় ও বিশ্বাস পাড়ায় চলে দুয়ারে রেশন পাইলট প্রজেক্টের কাজ দুয়ারে রেশন পেয়ে খুশি সাধারণ মানুষ।দুয়ারে রেশন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। উদ্যোগ খুবই প্রশংসনীয় । করনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছিলো, লকডাউনে বাইরে বেরোনোর উপায় ছিল না অত্যন্ত প্রয়োজন ছিল। কেউবা জানালেন ধারাবাহিকতা বজায় থাকলে খুবই প্রশংসনীয় পদক্ষেপ। রাজ্য সরকারের নির্দেশে দুয়ারে সরকারের পর বাড়ি বাড়ি রেশন ব্যবস্থা শুরু হওয়ার প্রথম দিনে উপভোক্তা এমনটাই জানালেন। নদিয়া সহ সারা রাজ্যেই বিভিন্ন রেশন ডিলাররা তাদের বায়োমেট্রিক মেশিন ওজন যন্ত্র চাল গম আটা নিয়ে সকাল-সকাল হাজির হলেন উপভোক্তার বাড়িতে। সাথে অবশ্য স্থানীয় প্রশাসকরা উপস্থিত ছিলেন।
পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকে এদিন দুয়ারে রেশন কর্মসূচী পালিত হয় । ব্লকের ৫ টি রেশন ডিলারের গ্রহকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে হাতে রেশন সামগ্রী তুলে দেয় ব্লক প্রশাসন।উপস্থিত ছিলন মহিষাদল ব্লকের বিডিও যোগেশ মন্ডল, লক্ষ্যা- ২ গ্রামপঞ্চায়েতের প্রধান সীমা মাইতি, উপপ্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্যরা। বাড়িতে বসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে খুশি গ্রাহকরা।

Post a Comment