জাতিগত শংসাপত্র দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করলো জেলা প্রশাসনের কর্মীরা
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুরে জাতিগত শংসাপত্রের অধিকার সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কাছে আরো সুনিশ্চিত ও সহজ করার লক্ষে দুয়ারে সরকার কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন বাড়ি-বাড়ি গিয়ে আবেদনপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে। গত শুক্রবার এই উদ্যোগের সূচনা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-১ ব্লকের গোপালি-১ গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামেটিয়া অঞ্চলে। এই উদ্যোগের প্রথম পর্যায়ে পশ্চিম মেদিনীপুর জেলার ৭৭ টি এমন মৌজাকে বেছে নেওয়া হয়েছে যেগুলি মূলত তপশিলী জনজাতি অধ্যুষিত ও জাতিগত শংসাপত্র প্রাপকের সংখ্যা তুলনামূলকভাবে কম।
এই মৌজাগুলিতে সোমবার থেকে, বাড়ি-বাড়ি গিয়ে আবেদনপত্র ও তৎসহ নথি সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে মৌজা/পাড়া ভিত্তিক মনোনীত সংগ্রাহকের নাম ও যোগাযোগের নাম্বার সহ একটি তালিকা সবার অবগতি ও সহযোগিতার জন্য দেওয়া হয়। এর ফলে জাতিগত শংসাপত্রের জন্য দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে আর ভিড় জমাতে হবে না ।জেলা প্রশাসনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জাতিগত শংসাপত্র দেওয়ার জন্য সমস্ত কিছু নথিপত্র যাচাই করে আবেদনপত্র পূরণ করবেন। যার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

Post a Comment