বৃষ্টির জেরে স্তব্ধ পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন
দি নিউজ লায়নঃ নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি শুরু হয়েছে ।সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে । যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, মোহনপুর, বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি এলাকায় বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে। সেই সঙ্গে ওই এলাকা গুলির বহু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যে বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ,কেশপুর, চন্দ্রকোনা, গড়বেতা , শালবনি ও মেদিনীপুর সদর ব্লকের বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আরো ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। একটানা বৃষ্টির ফলে সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা । মঙ্গলবার দিনভর একটানা বৃষ্টির ফলে রাস্তাঘাট ছিল সুনসান, লোকজনের দেখা ছিল না। অন্যান্য দিনের থেকে রাস্তায় যানবাহন চলাচল এর সংখ্যা ছিল খুবই কম। যার ফলে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়ে।

Post a Comment