এই দু’জনকে ঘিরেই কাটবে দেবশ্রীর পুজো, কারা এই দুইজন
দি নিউজ লায়নঃ শুভর ছেলে হওয়ার পর থেকে আমার দুই সন্তান। আমার ১৮ বছরের পুত্র অনীশ ও ছোট্ট ইউভান। এই দু’জনকে ঘিরেই আমার পুজো কাটবে। আর তার সঙ্গে তো বোন শুভশ্রী আর ওর স্বামী রাজ চক্রবর্তী আছেই। আগের বছর থেকে নিজের বাড়িতেই দুর্গাপুজো শুরু করেছি। ঘরোয়া পুজোর এক অন্য আনন্দ। তার আলাদাই স্বাদ। এত দিন মাকে দেখেছি দূর থেকে, অনেক মানুষের ভিড়ে। মনে হত মা মর্তে এলেন বটে, কিন্তু আমার কাছে এলেন কই? এখন বাড়িতেই পুজো শুরু করায় মনে হয় মা অনেক কাছের।
আরও আপন।বাড়িতে ধুমধাম করে পুজোর আর একটা মজা হল, সকলের সঙ্গে একাত্ম হওয়া। বাবা-মা, বোন, আমাদের সন্তানেরা— সকলকে নিয়ে হুল্লোড়ে মেতে উঠলে মনে হয় পুজো সার্থক হল। উপরি পাওনা হল আমাদের মায়ের হাতের ভোগ। এ বছরও মা-ই ভোগ রাঁধবেন। বলা যায়, এক মা রেঁধে আর এক মাকে খাওয়াবেন। আমার নিজের ক্লাউড কিচেনও আছে। সেখান থেকেও বাকি সব দিনের খাবারের বন্দোবস্ত হবে। বাড়ির পুজোর অনেকটা দায়িত্ব নেয় আমার পুত্র অনীশ। আমি অবশ্য ওকে ঋষি বলে ডাকি।
এখন পুজো এলেই ঋষি নিজের হাতে হাতে সাজিয়ে তোলে বাড়ি-ঘর। ওর হাতের যত্ন-স্পর্শে সেজে ওঠে আমাদের বাসস্থান।আমার প্রাক্তন স্বামীর বাড়িতে পুজো হয়।ঋষি ভীষণ আধ্যাত্মিক। ও ইস্কনের সঙ্গে যুক্ত। প্রতি রবিবার সেখানে ক্লাস করতে যায়। পুজো-পাঠের ব্যাপারে আমার থেকে অনেক বেশি জানে ঋষি। আমি, বাবা, মা, বোন সকলেই ঋষির থেকে অনেক কিছু শিখি।
এ প্রসঙ্গে একটি মজার ঘটনা বলি। গত বছর পুজোয় পুরোহিতের সঙ্গে সাহায্যের জন্য যিনি এসেছিলেন, তাঁর ভুল ধরিয়ে দিয়েছিল ঋষি। তার পর রেগে গিয়ে আমাকে বলল, ‘‘হয় তুমি অন্য কাউকে আসতে বলো, নয়তো ওঁর জায়গায় আমাকে বসাও।’’ ওর নিষ্ঠা দেখে সে দিন চমকে গিয়েছিলাম।আমি সাজতে খুব ভালবাসি। এ বারও ইচ্ছে আছে নিজের মন মতো সাজগোজ করার। তবে পাঁচ দিনই পরিবার বন্ধু-বান্ধবদের সঙ্গে বাড়িতে কাটাব। বাড়ির আয়োজন সামলে বেরোনোর ফাঁক পেলে তা বরাদ্দ থাকবে রাতের জন্য।

Post a Comment