করোনার কালে কিভাবে পুজো কাটাবেন বলে ভাবছেন সন্দীপ্তা সেন - The News Lion

করোনার কালে কিভাবে পুজো কাটাবেন বলে ভাবছেন সন্দীপ্তা সেন

 


দি নিউজ লায়নঃ   ছোটবেলা কী ভীষণ অন্য রকম ছিল। পুজোর নতুন জামার গন্ধ ছিল। চারটে দিন ছুটি ছিল।কিন্তু এখন সব কিছু আলাদা। এখন, বড় হয়ে গিয়েছি। এখন আমার পুজো মানে শহুরে কোলাহল ছাড়িয়ে কোথাও দূরে... আরও দূরে। বাড়ির পাশে তারস্বরে বাজতে থাকা গান বিচ্ছিরি লাগে। প্রচুর ভিড়। তার থেকে নিরিবিলিতে ছুটি কাটাও নিজের মতো করে। সারা বছর ছুটিই তো মেলে না।


 তাই পুজোর চারটে দিন আমি খোলা আকাশ খুঁজি। যেখানে নিজের মতো করে ডানা মেলতে পারব। গত বছর অতিমারিতে বেরোতে পারিনি। বন্ধুদের বাড়িতে বাড়িতে আড্ডা দিয়ে কেটে গিয়েছে। এ বছর বেরিয়ে পড়ার ইচ্ছে আছে। দেখা যাক। কি হয়। অথচ ছোটবেলায় আমি বড় হয়েছি ভবানীপুরে। বাড়ির পাশে ভবানীপুর হরিশ পার্ক। সেখানে মায়ের মুখ দেখা, অঞ্জলি দেওয়া তো ছিলই এক দিকে। আর ছিল বিভিন্ন রকমের রাইডস চড়া। সে সব রোজ গিয়ে চড়তাম। এত চড়তাম যে, শেষে আমাদের ওগুলো ফ্রি করে দেওয়া হত। সেই রাইডসগুলো এখন কোথায়? ছোটবেলায় অনেক বাড়িতে প্রচুর আত্মীয়ের হইচই। আমাদের বাড়িতে তারও অভাব। এক জন মাত্র তুতো দিদি আর আমি। আমরাই দু’জনে মিলে হইহল্লা করতাম। পাড়ার বন্ধুরা সঙ্গে থাকত। আস্তে আস্তে সেই সংখ্যা বাড়ল। স্কুল গিয়ে কলেজ এল। পড়তে যাওয়ার বন্ধুরা যোগ দিল।


 একটু একটু করে পুজোও ভোল বদলাতে লাগল। যা পরে আরাম লাগে, সে রকমই কিছু পোশাক কেনাকাটা করেছি। এ বছর সাদা জমিনে হ্যান্ড প্রিন্টেড শাড়ি কিনেছি পুজো উপলক্ষে। আর ড্রেস, কুর্তি, সালোয়ার মিলিয়ে বেশ কিছু কেনাকাটা হয়ে গিয়েছে। যেগুলো পরে দিব্য পুজো কেটে যাবে। বাকি রইল সাজ। সাজ-পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বাতিক আমার একেবারেই নেই।  যা আমায় মানায়, সেটাই আমার সাজ। আর ভরপেট খাওয়া দাওয়া। তবে আমার মাছ ছাড়া ভাত রোচে না মুখে! বিশুদ্ধ বাঙালি খানা পুজোর চারটে দিন। যেমন, সকালে লুচি, বেগুন ভাজা বা ছোলার ডাল। দুপুরে ভাতের পাতে মাটন। আর মাছ মাস্ট। সেটা ভেটকির পাতুরি হতে পারে। কিংবা চিংড়ি বা সর্ষে ইলিশ আমার চাইই।তবে চিকেন আমি খাই না। দক্ষিণ কলকাতার মেয়ে আমি।  হয়ে ম্যাডক্স স্কোয়ারে যাব না, এটা হতে পারে? কলেজে পড়ার সময় কত পুজোর রাত কাটিয়েছি ম্যাডক্স স্কোয়ারে। ওখানেই ভারী মজার অভিজ্ঞতা আছে।


 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.