সমবায় সমিতিতে ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেফতার আরও ১
দি নিউজ লায়নঃ মেমারিতে সমবায় সমিতিতে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম টোটন দাস। মন্তেশ্বর থানার খাদরায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, ২৪ আগস্ট গভীর রাতে রসুলপুরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে সাহানুই সমবায় কৃষি উন্নয়ণ সমিতিতে হানা দেয় একটি ডাকাত দল। অফিসের শার্টার কেটে ও গেটের তালা ভেঙে ডাকাত দলটি ভিতরে ঢোকে।
তারা ভল্ট কাটার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে সমবায়ের এক অফিসার তাঁর মোবাইলে সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি দেখতে পান। তিনি ফোন করে ঘটনার কথা থানায় ও সমিতির অন্যান্য কর্মীদের জানান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে হাতেনাতে ধরে। পরে মেমারি থানার এক সিভিক ভলান্টিয়ার সহ আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিস। শনিবার ভোরে মেমারি থানার রসুলপুর বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিস আরো একজনকে ধরে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment