চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার ৫
দি নিউজ লায়নঃ চাকরি দেওয়ার নামে শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে টাকা হাতানোর ফাঁদ পেতেছিল একটি বেসরকারি সংস্থা। রীতিমতো অফিস খুলে নেওয়া হচ্ছিল বিভিন্ন দপ্তরে সরকারি চাকরির ইন্টারভিউ। এমনই অভিযোগের বিষয়টি জানতে পেরে রীতিমত হতভম্ব হয়ে পড়ে পুলিশ । এরপরই নির্দিষ্ট কয়েকজন প্রতারিত হওয়া যুবক যুবতীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ । এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই ওই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় । একই দিনে মালদা শহরের ১ নম্বর গভমেন্ট কলোনি এলাকায় আরও একটি প্রতারণা চক্রের হদিশ পাই ইংরেজবাজার থানার পুলিশ।
সেখানেও চাকরি দেওয়ার নামে একটি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সাতজনকে আটক করেছে পুলিশ । আটক হওয়া প্রত্যেকেই মহিলা বলেই জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ জানিয়েছে অভিযান চালানোর পর ওই দুটি এলাকার অফিস থেকে উদ্ধার করা হয়েছে কম্পিউটার ও বেশকিছু নথিপত্র। সেইসব খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। পাশাপাশি দুটি অফিসে শীল করে দিয়েছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চলছে। একাংশ শিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মোটা টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ বুলবুলচন্ডী এলাকায় ওই অফিসের ওপর নজরদারি শুরু করে। মালদা জেলার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর , বামনগোলা থেকে যুবক-যুবতীরা আসতেন ওই অফিসে। গোপনে সেইসব যুবকদের কাছ থেকে তথ্য হাতায় পুলিশ। পুলিশ আধিকারিকেরা জানতে পারেন চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে ওই অফিসে। সংস্থাটির বৈধতা নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। ওই অফিসটি ভুয়ো , নিশ্চিত হওয়ার পরই অভিযান চালায় হবিবপুর থানার পুলিশ। অফিস থেকে গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে।

Post a Comment