পাট শুকতে গিয়ে কোশি নদীতে তলিয়ে গেল চার নাবালিকা
দি নিউজ লায়নঃ পরিবারের লোকেদের সঙ্গে কোশি নদীতে পাট শুকানোর সময় তলিয়ে গেল চার নাবালিকা । স্থানীয় বাসিন্দারা জীবিত অবস্থায় দুই নাবালিকাকে উদ্ধার করতে পারলেও, এই ঘটনায় অপর দুই নাবালিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভুতনি থানার উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত কালুটোলা এলাকায়। গঙ্গার শাখা নদী হিসাবে পরিচিত রয়েছে কোশি ঘাট এলাকার নদীটি।
দুই নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি জানতে পেরে তদন্তে যায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই নাবালিকার নাম ফাল্গুনী মাহাতো (১৩) এবং অনিতা মাহাতো (১০)। মঙ্গলবার কোশিঘাট এলাকার নদীতে পরিবারের লোকেরা পাট ভেজানোর কাজ করছিলেন।
সেই সময় চার নাবালিকা নদীতে নামে। পরিবারের লোকেদের অলক্ষ্যেই ওই চারজন নদীর গভীরতা তলিয়ে যায়। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। নদীতে কাজ করা গ্রামবাসীদের তৎপরতায় দুইজন নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু অপর দুই নাবালিকাকে উদ্ধার করতে পারেনা স্থানীয় গ্রামবাসীরা। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মৃত অবস্থায় ওই দুই নাবালিকার দেহ উদ্ধার করা হয়।

Post a Comment