জলে দাঁড়িয়ে মানুষের সমস্যার কথা শুনলেন অরূপ
দি নিউজ লায়নঃ উত্তর হাওড়া, বেলগাছিয়া, দাশনগর সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যা রয়েছে বহুদিনের। এই নিয়ে মানুষের নানা অভাব অভিযোগও রয়েছে। কীভাবে জল জমার সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব সেই পরিস্থিতি সরোজমিন করতে মঙ্গলবার সকালে উত্তর হাওড়া, বেলগাছিয়া ভাগাড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায়। জলে নেমেই এদিন তিনি মানুষের সমস্যার বিষয় জানতে চান। শহরের ড্রেনেজ সুয়ারেজ সিস্টেম নিয়ে সেচ দফতরের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকের সঙ্গে কথা বলেন তিনি।
বিধায়ক গৌতম চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, পুর কমিশনার ধবল জৈন সহ হাওড়া পৌরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন। জমা জলে ডুবে থাকা এলাকা পরিদর্শন করেন তাঁরা। কীভাবে ওই জমা জল দ্রুত নেমে যায় তা নিয়ে পর্যালোচনা করেন। অরূপ রায় জানান, জলযন্ত্রণা সমাধানের জন্য ইতিমধ্যেই মাস্টার প্ল্যান করা হয়েছে। মঙ্গলবার দুপুরেই এই নিয়ে পুরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে কেএমডিএ, পুর ও নগরোন্নয়ন দপ্তর, এইচআইটি, হাওড়া পৌরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন।
কত তাড়াতাড়ি মানুষকে জলযন্ত্রণার হাত থেকে মুক্ত করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের অরূপ রায় বলেন, হাওড়া পুরনিগম এলাকার বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা আছে। বিশেষ করে উত্তর হাওড়ার বামুনগাছি, দশরথ ঘোষ লেন, মৈনাক পাড়া লেন, সীতানাথ বোস লেন প্রভৃতি এলাকায় জল জমার সমস্যা আছে এখনও। সেচ দপ্তর একটা মাস্টার প্ল্যান করেছে। সেই প্ল্যান অনুযায়ী মঙ্গলবারেই একটি বৈঠকে পুরো বিষয়টি চূড়ান্ত করা হবে। যত দ্রুত সম্ভব জল কিভাবে নামানো যায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও বেলগাছিয়া ভাগাড়টির ব্যাপারে বায়ো মাইনিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুরনিগমের পক্ষ থেকে এর জন্য টেন্ডার ডাকা হয়েছে। টেন্ডার হয়ে গেলেই এর এই ভাগাড় প্লেন ল্যান্ড হয়ে যাবে। এর ফলে এই এলাকার বাসিন্দাদের সমস্যাও দূর হবে। এ ব্যাপারে হাওড়া পুরনিগম, রাজ্য সরকার, সেচ দপ্তর কাজ করছে। অতিবৃষ্টির ফলে গঙ্গার জল বেড়েছিল। তার মধ্যে ডিভিসি জল ছেড়েছে। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে মতো হাওড়াতেও বন্যা হয়েছে। গঙ্গার জলস্তর না নামায় শহরের জল নামছে না। এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই কারণেই বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

Post a Comment