সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ধাক্কা লেগে আহত এক যুবক
দি নিউজ লায়নঃ বাইক আটকাতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে আহত হলেন এক যুবক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার ব্যাঁটরা এলাকায়। বুধবার সকালে হাওড়ার ব্যাঁটরার পাওয়ার হাউস মোড়ে ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই বাইক আরোহী প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী এক মহিলাকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ সেখানে ছুটে এসে ওই বাইক আরোহীকে দাঁড়াতে বলেন।
কিন্তু সেই সময় ওই বাইক আরোহী গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলে এক সিভিক পুলিশ কর্মী বাইকটিকে পিছন দিক থেকে ধরে আটকাতে যান। তখন ওই বাইক আরোহী যুবক বেসামাল হয়ে গাড়ি থেকে রাস্তায় পড়ে যান। এরপরই সেখানে লোকজন ছুটে আসেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন সিভিক ভলেন্টিয়ার ওই যুবককে 'ধাক্কা' মেরে গাড়ি থেকে ফেলে দিলেন এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
যদিও ওই সিভিক পুলিশ ভলেন্টিয়ার বলেন, ধাক্কা মেরে ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। ওই বাইক আরোহী ব্যক্তি একজন সাইকেল আরোহী মহিলাকে প্রথমে ধাক্কা মারেন। এতে মহিলা আহত হন। ঘটনার পর বাইক আরোহীকে আটকানো হয়। আমরা বলি মহিলার কি ক্ষতি হয়েছে আগে দেখুন, তারপর আপনি যাবেন। কিন্তু যখনই পিছন দিক থেকে বাইকটি ধরলাম, তখনই উনি হঠাৎ করে জোরে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করলেন। তখন আমি নিজেও বেসামাল হয়ে যাই। উনিও বাইক থেকে নিচে পড়ে যান।

Post a Comment