দেওয়াল কেটে দোকান থেকে সোনা ও রুপোয় গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ২
দি নিউজ লায়নঃ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম বলরাম দাস ও তাপস দাস। ভাতার থানার রামপুরের দাসপাড়ায় বলরামের বাড়ি। ওই থানারই শ্রীপুরে তাপসের বাড়ি। দেওয়াল কেটে দোকান থেকে সোনা ও রুপোয় গয়না চুরি অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, ভাতার থানার রাধানগরের বাসিন্দা ভাগবত কর্মকারের দেবপুর বাসস্ট্যান্ডে অলঙ্কারের দোকান রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি রাতে তাঁর দোকানে চুরি হয়। দোকানের পিছনের দেওয়াল কেটে ভিতরে ঢুকে চোরে ৬ গ্রাম সোনা ও ৩ ভরি রুপোর গয়না নিয়ে পালায়। পরেরদিন সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পান। সেদিনই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। সোমবার রাতে ভাতার থানার নবাবনগর থেকে বলরামকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরিতে তাপসের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস। এরপরই বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিস। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। সোনা ও রুপোর গয়না উদ্ধারের জন্য ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৫ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment