প্রসবের সময় হাসপাতালেই অন্তঃসত্বা মহিলাদের কোভিড টিকা প্রদানের পরিকল্পনা
দি নিউজ লায়নঃ টিকাকরনের জন্য হুড়োহুড়ি নয়! ভাবি মায়েদের সতর্ক করছে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর। টিকার দীর্ঘ লাইন ও মানসিক চাপ অন্তঃসত্বা মহিলাদের জন্য হয়ে উঠতে পারে ক্ষতিকর। তাই টিকাকরণ নিয়ে অহেতুক তাড়াহুড়ো না করে শিশু প্রসবের সময়তেই হাসপাতালে অন্তঃসত্বা মহিলাদের কোভিড টিকা প্রদানে করার পরিকল্পনা নিয়েছে দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তর। সে বিষয়ে ভাবি মায়েদের আশস্ত করছে জেলা স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই সমস্ত হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে প্রসবের সময়তে মায়েদের টিকাকরনের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
দার্জিলিং জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ সংযুক্তা লিউ জানান অন্তঃসত্ত্বাকালীন সময়তে স্বাভাবিকভাবেই মহিলাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে। অন্তঃসত্বা মহিলারা হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে মানুষের সমাগমে লাইনে দাঁড়িয়ে থাকা তাদের স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। এই ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকের তুলনায় মহিলাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় কোভিড ভাইরাস সহজেই বাসা বাঁধতে পারে। সেক্ষেত্রে অন্তঃসত্ত্বাবর্তিকালীন সময়তে কোমর্বিডিটি শঙ্কাও রয়েছে। এ সময়তে শারীরিক স্থিতি নাজুক থাকায় সংক্রামনের শিকার হলে তা গুরুতর এবং প্রাণঘাতী পর্যন্ত হতে পারে।
তিনি জানান তাই প্রসবের সময় এগিয়ে এসেছে এবং গর্ভধারনের এডভ্যান্স পর্যায়ে রয়েছেন এমন মহিলাদের শিশু প্রসবের আগেই টিকারকরনের জন্য ঝুঁকি নেওয়ায় প্রয়োজন নেই। জেলার সমস্ত হাসপাতালগুলিকে বলা রয়েছে শিশু প্রসবের পর সদ্যজাত মায়ের কোভিড টিকাকরন করা হবে। তিনি জানান তবে টিকাকরনের ক্ষেত্রে মায়েদের মতামতকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা রাজি থাকলেই হাসপাতাল থেকে প্রসবের পর টিকা প্রদান করা হবে। একই নিয়ম কার্যকরী থাকছে ভাবি মায়েদের ক্ষেত্রেও। অন্তঃসত্ত্বাকে টিকাকরণ করতেই হবে এমন বাধ্যতামূলক বিষয় নেই। ভাবি মায়েরা নিজেরা স্বদিচ্ছা প্রকাশ করলে টিকা দেওয়া হবে তাদের।
তবে অন্তঃসত্বা মহিলাদের শারীরিক স্থিতিকে গুরুত্ব দিয়ে প্রতি স্বাস্থ্য কেন্দ্রে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে বিগত একমাস আগেই অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণের বিষয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডেপুটি সিএমওএইচ। যদিও এই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাঃ প্রদীপ্ত ভট্টাচার্য্য জানান হাসপাতালে এখনও লিখিত কোনো নোটিফিকেশন আসেনি। এলেই আমরা তা কার্যকর করবো। শিলিগুড়ির পুরকমিশনার সোনাম ওয়াংদি ভূটিয়া জানান পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এখনও অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণ শুরু হয়নি। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সরকারি বিজ্ঞপ্তি এলেই দ্রুত অন্তঃসত্ত্বা মহিলাদের টিকাকরণ শুরু করা হবে।

Post a Comment