জালনোট পাচারের অভিযোগে গ্রেফতার সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র - The News Lion

জালনোট পাচারের অভিযোগে গ্রেফতার সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র

 


দি নিউজ লায়নঃ   জালনোট পাচারের অভিযোগে বেসরকারি একটি স্কুলের সপ্তম শ্রেণীর ফার্স্ট বয়কে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সাধারিটোলা এলাকায় অভিযান চালিয়ে নাবালক ওই স্কুলপড়ুয়াকে ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোটসহ হাতেনাতে ধরে ফেলে । এই অভিযানের সময় ধৃত ওই স্কুলপড়ুয়া একদাদা সুযোগ বুঝে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।  এত অল্প বয়সে জালনোট পাচার চক্রের সঙ্গে কিভাবে ওই মেধাবী ছাত্র জড়িয়ে পড়ল সে ব্যাপারেও ভাবিয়ে তুলেছে জেলা পুলিশ কর্তাদের।


 সোমবার ধৃত ওই স্কুল পড়ুয়াকে মালদার জুভেনাইল আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে,  ধৃত ওই ছাত্রের বাড়ি কালিয়াচকের ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী সধরিটোলা এলাকায়। জালনোট কারবারের সঙ্গে যুক্ত পান্ডারা মোটা টাকার বিনিময়ে অল্প বয়সী একাংশ পড়ুয়াদের যে কাজে লাগাচ্ছে তা এদিনের ঘটনায় পুলিশ প্রমাণ পেয়েছে। 


গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মেধাবী ছাত্র এই জালনোটগুলি কোথা থেকে সংগ্রহ করে কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল, সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ছাত্র  কালিয়াচক শাহবাজপুর এলাকার একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীতে পাঠরত। ওই স্কুলের বরাবরই 'ফার্স্ট বয়' হিসাবেই পরিচিত রয়েছে ধৃত ওই নাবালক ছাত্র। ওই ছাত্রের বাড়ি সাধারিটোলা এলাকায়। ওই ছাত্রের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০০টি ৫০০ টাকার জালনোট এবং ১২০টি দুই হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটের পরিমাণ ৪ লক্ষ ৪০ হাজার টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.