দ্বাদশে নম্বর বৃদ্ধির দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরীক্ষার্থীদের
দি নিউজ লায়ন: কেন্দ্রীয় বোর্ডের বিরুদ্ধে নম্বর কম দেওয়ার অভিযোগে রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। রায়গঞ্জের কসবা তুলসিতলা সংলগ্ন এলাকায় বেথানী মিশন স্কুলের দ্বাদশের পরীক্ষার্থীদের ৩৪ নং জাতীয় সড়ক অবরোধে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় ঘন্টা দেড়েক অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে সচল হয় জাতীয় সড়ক।
সোমবার ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষের কাছে নম্বর কম আসার কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তেমন সদুত্তর না পাওয়ায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ স্কুলের নোটিশ বোর্ডে যে নম্বর টাঙানো হয়েছে সেই নম্বর যদি স্কুলের পক্ষ থেকে বোর্ডে পাঠানো হয় তবে পরীক্ষার্থীদের এতো কম নম্বর এলো কী করে!এর পাশাপাশি তাদের দাবি এবার সিবিএসসি'র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়নি তবু বাকি স্কুলগুলোর নম্বর তুলনামূলকভাবে বেশি এলেও একমাত্র তাদের স্কুলের নম্বরই খারাপ এসেছে।
এই বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।দীর্ঘ এক ঘন্টার উপর এই অবরোধের চলার পর পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় আলোচনায় বসেন স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়া-অভিভাবকেরা। তবে নম্বর বৃদ্ধির দাবীতেই অনড় থাকেন পড়ুয়ারা।

Post a Comment