খাবারের সন্ধানে ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে দাঁতাল হাতি
দি নিউজ লায়নঃ গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার জঙ্গলে থাকা হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ও চাষের জমিতে গিয়ে তাণ্ডব শুরু করেছে।যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় হাতির তান্ডব যেমন চলছে তেমনি শনিবার সকালে অন্যরকম ছবিও দেখা গেল। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রামের লোধাসুলি যাওয়ার রাস্তায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর খেমাশুলি এলাকায় একটি দাঁতাল হাতি ট্রাক দাঁড় করিয়ে খাবারের সন্ধান চালাচ্ছে ।যার ছবি দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
যথারীতি খাবার না পেয়ে শনিবার সকালে ট্রাক উল্টে দেওয়ার চেষ্টা করছে একটি দাঁতাল । যেভাবে ছ নম্বর জাতীয় সড়কের উপর খাবারের সন্ধানে গাড়ি দাঁড় করিয়ে একটি দাঁতাল হাতি তল্লাশি চালাচ্ছে। তা দেখে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ।যেকোনো সময় হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাতে পারে বলে খেমাশুলি এলাকার বাসিন্দারা অনুমান করেন। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছেন ।গাড়ির চালকরা জীবনের ঝুঁকি নিয়ে ধীরগতিতে ওই এলাকা দিয়ে গাড়ি চালাচ্ছেন। যেভাবে খাবারের সন্ধানে একটি গাড়িকে ঠেলে উল্টে দেওয়ার চেষ্টা করেছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ।
কিন্তু সেই গাড়ির চালক শক্ত হাতে তার মোকাবিলা করে। আগে সন্ধ্যা বেলা হাতি ওই এলাকা দিয়ে যাতায়াত করতো। কিন্তু এখন প্রকাশ্য দিবালোকে হাতি রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। শনিবার সকালে খেমাশুলি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়ানোর ফলে বেশ কিছুক্ষণ ছ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর পর ৬নম্বর জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়।

Post a Comment