পশ্চিম মেদিনীপুরের প্রতিটি কলেজ প্রাঙ্গণে পালিত হলো তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস
দি নিউজ লায়নঃ শনিবার সারা রাজ্য জুড়ে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। কোভিড পরিস্থিতির জন্য গত বছরের মতো এ বছরও ভার্চুয়াল সভার মাধ্যমে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। যেখানে প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলের নেত্রী এবার তার বক্তব্যের মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের কী বার্তা দেন তা জানার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার শহর গ্রাম ব্লক ও অঞ্চল স্তরে বড় পর্দার মাধ্যমে তৃণমূল নেত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা করে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বরা।
সেইমতো মেদিনীপুর শহরের স্টেশন রোড এলাকায় জাইন্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্য শুনতে দেখা গেল শতাধিক ছাত্র-ছাত্রীকে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক গোপাল সাহা, জেলা ছাত্র নেতা সুরজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন পশ্চিম মেদিনীপুর জেলার চব্বিশটি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিটি কলেজ প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জেলার সাত টি জায়গায় বড় পর্দার মাধ্যমে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য ব্যবস্থা করা হয়। সেইসঙ্গে ঘাটাল কলেজে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন কলেজে করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তিনি জানান।

Post a Comment