বেআইনিভাবে ময়লা ফেলতে এসে আটক আবর্জনা বোঝাই লরি
দি নিউজ লায়নঃ হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে রাতের অন্ধকারে বেআইনিভাবে ময়লা ফেলতে এসে পুলিশের হাতে আটক হয়েছে আবর্জনা বোঝাই একটি লরি। এই ঘটনায় ওই লরির চালক সহ চারজনকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার হাওড়া পুরনিগমের কমিশনার, ইঞ্জিনিয়ার ও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে বেলগাছিয়া ভাগাড়ে এই পচাখাল পরিদর্শনে গিয়েছিলেন সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। সেখানেই তিনি ভাগাড়ের পাশের ওই খালে বেআইনিভাবে আবর্জনা ফেলার জন্য তাঁর অসন্তোষ প্রকাশ করেছিলেন। কারা এখানে বেআইনিভাবে আবর্জনা ফেলছে তা দেখার নির্দেশও দিয়েছিলেন মন্ত্রী।
এই নির্দেশের পর বুধবার গভীর রাতে লিলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনার বস্তা বোঝাই একটি লরিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই লরিটি রাতের অন্ধকারে বেআইনিভাবে খালে আবর্জনা ফেলছিল। তখনই হাতেনাতে ধরে লরিটিকে আটক করা হয়। ওই ঘটনায় লরির চালক সহ চারজনকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ভাগাড়ে জঞ্জাল ফেলতে আসা লরিটি পুরনিগমের নয়। সেটি কোনও একটি বেসরকারি সংস্থার।
এদিকে, বেআইনি আবর্জনা বোঝাই লরি রাতের অন্ধকারে আটক হওয়ায় ক্ষুব্ধ মন্ত্রীও। তিনি জানান প্রয়োজনে ওখানে পুলিশ মোতায়েন করা হতে পারে।

Post a Comment