তিন বছরের একমাত্র কন্যা সন্তানের গলা কেটে খুন করল মা
দি নিউজ লায়নঃ ধারালো অস্ত্র দিয়ে নিজের তিন বছরের একমাত্র কন্যা সন্তানের গলা কেটে খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর গ্রামে। এই খুনের ঘটনার বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্তে যায় হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা ফাঁড়ির পুলিশ । নাবালিকা কন্যা সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত মা মনোয়ারা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কি কারণে নিজের একমাত্র কন্যা সন্তানের গলা কেটে খুন করলো ওই মহিলা, সে ব্যাপারে পরিষ্কার করে জানতে পারে নি পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশু কন্যার নাম আতিফা খাতুন । তার বয়স তিন বছর। এদিন বাড়ির লোকেদের অলক্ষ্যে ধারালো অস্ত্র দিয়ে নিজের একমাত্র কন্যা সন্তানের গলা কটে খুন করে অভিযুক্ত মা মনোয়ারা বিবি। এরপরই বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। বিষয়টি জানতে পেরে কাজ ছেড়ে বাড়িতে ছুটে আসেন অভিযুক্ত ওই গৃহবধূর স্বামী সাহেব আলী। তিনি এই ঘটনায় রীতিমতো হতবাক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলেছে অভিযুক্ত ওই গৃহবধূ মনোয়ারা বিবি। তার থেকে পুলিশ অনুমান করছে আংশিক মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধু। তবে কি কারণে নিজের তিন বছরের নাবালিকা কন্যা সন্তানকে খুন করলো সে ব্যাপারে পরিষ্কার কোন তথ্য সামনে আসে নি পুলিশের। আপাতত ওই গৃহবধূকে তার শিশু কন্যাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ।

Post a Comment