মুর্শিদাবাদের ব‍্যবসায়ী উদ্ধার মালদা থেকে - The News Lion

মুর্শিদাবাদের ব‍্যবসায়ী উদ্ধার মালদা থেকে

 


দি নিউজ লায়নঃ  অপহৃত বহরমপুরের এক ব্যবসায়ীকে তিনদিন পর দুষ্কৃতীদের ডেরা থেকে উদ্ধার করলো পুরাতন মালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সংশ্লিষ্ট থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর এলাকায়। যদিও এই ঘটনায় অপহরণকারীদের কাউকে ধরতে পারে নি পুলিশ। তবে যে বাড়িতে ওই ব্যবসায়ীকে বন্দী করে রাখা হয়েছিল, সেই বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। 


মঙ্গলবার আদালতের মাধ্যমে উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম সুজিত হালদার (৫০)। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কুঞ্জঘাট এলাকায়। গত শনিবার দিল্লি থেকে ব্যবসার কাজ সেরে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। এরপর মালদা গাজোল থানা এলাকার একটি জায়গা থেকেই ওই ব্যবসায়ীকে পাঁচ থেকে ছয় জনের একটি দুষ্কৃতীর দল অপহরণ করে বলে অভিযোগ।


 ওই ব্যবসায়ীর কাছে থাকা ৩০ হাজার টাকা লুট করে অপহরণকারীরা। পাশাপাশি বহরমপুর ব্যবসায়ীকে মুক্তি পন বাবদ তার পরিবারের লোকেদের কাছে ফোন করে দেড় লক্ষ টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে পুরাতন মালদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে অপহৃত ব্যবসায়ীর পরিবার। এরপর পুলিশ মোবাইলের সূত্র ধরেই যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেহেরপুর এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.