মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখল রাজ্য স্বাস্থ্য দপ্তর
দি নিউজ লায়নঃ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুই পদস্থ কর্তা। বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশীষ ভট্টাচার্য্য, ডিরেক্টর অফ ন্যাশনাল হেলথ মিশনের কর্তা সৌমিত্র মোহন। ওই দুই রাজ্যের পদস্থ স্বাস্থ্য কর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রাজর্ষি মিত্র , অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম মুখার্জি, ভাইস প্রিন্সিপাল পুরঞ্জয় সাহা সহ অন্যান্যরা।
এরপরই এদিন দুপুরে মালদা মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে জেলা স্বাস্থ্য দপ্তর, প্রশাসন এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওই দুই পদস্থ কর্তা। এদিন বৈঠকেই করোনা সংক্রমনের মধ্যে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যেভাবে অনুপ্রাণিত হয়ে কাজ করে চলেছেন সে ব্যাপারে প্রশংসা করেন রাজ্য স্বাস্থ্য দফতরের ওই দুই কর্তা। তার আগে মালদা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা এবং বিভিন্ন পরিকাঠামোর ব্যবস্থা সম্পর্কে বিষয়ের ওপর তদারকি করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওই দুই কর্তা।
এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনের কর্তা দেবাশীষ ভট্টাচার্য্য বলেন, করোনা সংক্রমনের মধ্যে রাজ্য সরকার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ নিয়েছে। গত ১০ বছরে রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবা এবং পরিকাঠামো বদলে দেওয়া হয়েছে এবং ব্যাপক উন্নয়ন হয়েছে। করোনা সংক্রমনের মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্ত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। করোনা তৃতীয় সংক্রমণ আসার আগেই প্রতিটি জেলাতেই সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে ফেলেছে সরকার। রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ, হাসপাতালগুলিত এখনও পর্যন্ত ৩০ হাজার বেডের করোণা বিভাগ এবং ৪,৬০০ বেডের পিকু বিভাগ চালু করা হয়েছে।

Post a Comment