অশোকনগর কল্যাণগড় পুরসভার মুখ্য প্রশাসক হলেন উৎপল তালুকদার
দি নিউজ লায়ন; অশোকনগর কল্যাণগড় পুরসভার পৌর প্রশাসক পদে বদল! নতুন মুখ্য প্রশাসক হলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা উৎপল তালুকদার। উল্লেখ্য এর আগেও পৌর প্রশাসক মন্ডলীর সদস্য ছিলেন তিনি। প্রাক্তন মুখ্য প্রশাসক প্রবোধ সরকারকে অপসারিত করা হয়েছে এমনকি তাকে চারজনের নতুন পৌর প্রশাসক মন্ডলীতে স্থান দেওয়া হয়নি। একইরকমভাবে বাদ পড়েছেন আর একজন পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সমীর দত্ত।
পৌর প্রশাসক মন্ডলীতে উৎপল তালুকদারের সঙ্গে সহ মুখ্য প্রশাসক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন অতীশ সরকার। এছাড়াও চার সদস্যের পৌর প্রশাসক মন্ডলীতে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী এবং অনুপ রায়। প্রবোধ সরকার জানান, দল যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। আমি যেভাবে মানুষের পাশে ছিলাম সেভাবেই থাকবো। যদিও দলের তরফ থেকে তাঁকে তার পদ থেকে অপসারিত করার ব্যাপারে কিছুই জানানো হয়নি বলে মৃদু ক্ষোভ প্রকাশ করেছেন প্রবোধ বাবু।
অন্যদিকে নতুন দায়িত্ব পেয়ে স্পষ্টতই খুশি উৎপল তালুকদার। উৎপল বাবু জানান দীর্ঘদিন ধরেই দলের সৈনিক হিসাবে কাজ করছি আগামী দিনে ভ্যাকসিন পর্ব এবং দুয়ারে সরকার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকলকে নিয়ে কাজ করব।
অন্যদিকে বিজেপির বারাসাত সাংগঠনিক সম্পাদক স্বপন দে অভিযোগ করেছেন প্রবোধ সরকার যে অপসারিত হবে সেটা তাদের জানাই ছিল। প্রবোধ বিভিন্ন আর্থিক দুর্নীতি সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন স্বপন বাবু। স্বপন বাবু তীব্র কটাক্ষ আগামী পৌরসভা ভোটেও প্রার্থী হওয়া উচিত নয় আর্থিক দুর্নীতি তে যুক্ত ওই তৃনমূল নেতার। সবমিলিয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভা মুখ্য পৌর প্রশাসক বদল নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।

Post a Comment