চলতি সপ্তাহেই শুরু হতে পারে ঢাকা-নয়াদিল্লি বিমান
দি নিউজ লায়নঃ গত মার্চে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল চলতি সপ্তাহেই শুরু হতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে। বিশেষ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে বিমান চালু করতে গত বছরের অক্টোবরে ঢাকা-নয়াদিল্লি ‘এয়ারবাবল’ চুক্তি হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, করোনা সংক্রমণের কারণে গত মার্চ থেকে বন্ধ হওয়া বিমান চলাচল নতুন করে চালু করতে গত সপ্তাহে নয়াদিল্লির মতামত জানতে চায় ঢাকা।
ঢাকার প্রস্তাব ছিল- আগামী ১১ আগস্ট, বুধবার থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল চালু হোক। ঢাকার প্রস্তাবের প্রেক্ষিতে নয়াদিল্লি গতকাল নিজেদের মধ্যে বৈঠক করে ফ্লাইট চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। নয়াদিল্লিও চলতি সপ্তাহেই বিমান চালুর পক্ষে। তবে এ সপ্তাহের ঠিক কবে থেকে ফ্লাইট চালু হবে তা সংশ্লিষ্ট বিমান পরিবহন সংস্থাগুলোর সঙ্গে আলাপ শেষে নয়াদিল্লি খুব দ্রুত ঢাকাকে জানিয়ে দেবে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

Post a Comment