বানীবন গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল
দি নিউজ লায়নঃ গত মাসেই উলুবেড়িয়া ২ নং ব্লকের বিজেপি পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল। আর বৃহস্পতিবার বানীবন গ্রাম পঞ্চায়েত ও প্রায় দখলের পথে তৃণমূল। এদিন বানীবন গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য এবং ফরোয়ার্ড ব্লকের ১ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় এই পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া ২ নং ব্লকের করাতবেড়িয়ায় এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস।
গত পঞ্চায়েত নির্বাচনে বানীবন গ্রাম পঞ্চায়েতের ২৪ টি আসনের মধ্যে বিজেপি পায় ১৩টি, তৃণমূল পায় ১০ টি এবং ফরোয়ার্ড ব্লক পায় ১ টি আসন। বিজেপি পঞ্চায়েতে বোড গঠন করে। যদিও বৃহস্পতিবার বিজেপির ৫ এবং ফরোয়ার্ড ব্লকের ১ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ১৬। তৃণমূলের দলীয় সূত্রে খবর আগামী সপ্তাহে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে।
বিজেপির সদস্যরা তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে কেউ আর বিজেপিতে থাকতে চাইছে না। তাই তারা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে। বিধায়কের দাবি আগামীদিনে বিজেপি পরিচালিত আরোও পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসবে।
যদিও বিজেপির সদস্যদের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল। তার অভিযোগ তৃণমূলের হুমকি,ভয় এবং প্রলোভনের চাপে পড়ে এইসব বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছে। যদি বিজেপি কর্মীরা উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দেয় তাহলে কেন তারা আগে তৃণমূলে যোগ দিলনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যুষ মন্ডল।

Post a Comment