করোনার মাঝেই বাঁকুড়ায় ডায়েরিয়ার প্রকোপ , আক্রান্ত ৪০
দি নিউজ লায়নঃ করোনার মাঝেই বাঁকুড়ায় ডায়েরিয়ার প্রকোপ। বাঁকুড়ার বোলাড়া গ্রামে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ জন আক্রান্ত হয়েছেন ডায়েরিয়ায়। এরমধ্যে চার জন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আজ গ্রামে তড়িঘড়ি স্বাস্থ্য দফতরের টিম যাওয়ার পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও ও পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা গ্রামে গিয়ে চিকিৎসার সব ধরনের ব্যবস্থার আস্বাস দেন। বাঁকুড়া ১ নম্বর ব্লকের বোলাড়া গ্রামের নাপিত পাড়ায় মেরেকেটে বসবাস করে পঞ্চাশটি পরিবার।
গতকাল সকাল থেকে এই গ্রামে একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। ঘন ঘন পাতলা পায়খানা, বমি, পেটে ব্যাথা সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে শুরু করে। গ্রামবাসীদের দাবি আজ সকাল পর্যন্ত প্রায় চল্লিশ জন গ্রামবাসীর শরীরে উপসর্গ দেখা দেয়। রাতে চার জন আক্রান্তের অসুস্থতা গুরুতর আকার নেওয়ায় তাদের আঁচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। গ্রামে ডায়েরিয়া ছড়িয়ে পড়ার খবর পেতেই গ্রামে যায় স্বাস্থ্য দফতরের টিম। আক্রান্ত গ্রামবাসীদের ও আর এস সহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। পরীক্ষার জন্য গ্রামের পানীয় জলের উৎস হিসাবে থাকা দুটি নলকূপের জলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দফতর।
পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দফায় দফায় গ্রামে যান বাঁকুড়া এক নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য পদাধিকারীরা। বাঁকুড়া এক নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিত কুন্ডু বলেন, “প্রাথমিক তদন্তে সআমাদের ধারণা মনসা পুজোয় প্রসাদ খেয়ে বিষক্রিয়ার কারনেই এই ঘটনা ঘটেছে । অসুস্থরা সকলেই স্থিতিশীল আছেন । আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি । পরীক্ষার জন্য গ্রামের নলকূপগুলির জলের নমুনা সংগ্রহ করা হয়েছে” । বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, “ ডায়েরিয়া ছড়িয়ে পড়েছে শুনে আমি নিজে সেখানে গিয়েছিলাম । পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে । গ্রামবাসীদের ওষুধ দেওয়ার পাশাপাশি আম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হয়েছে” ।

Post a Comment