ঘুড়ির মাঞ্জায় আহত শালিক পাখি উদ্ধার
দি নিউজ লায়নঃ চতুর্থ শ্রেণির ছাত্র এক বালকের মুন্সিয়ানায় গাছের মগডাল থেকে ঘুড়ির মাঞ্জায় জড়িয়ে আহত পাখিকে উদ্ধার করা সম্ভব হলো। শনিবার সকালে বালি রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকার ওই ঘটনায় উপস্থিত সকলেই ওই বালকের বুদ্ধির তারিফ করেছেন। জানা গেছে, গত দু'দিন ধরে গাছে মগডালে ঘুড়ির মাঞ্জা সুতোয় আটকে ঝুলছিল একটি শালিক পাখি। পাখিটির ডানায় এবং পায়ে এতোটাই সুতো জড়িয়ে গিয়েছিল যে পাখিটি নিজে থেকে কোনওভাবেই বেরোতে পারছিল না।
গাছটি খুব উঁচু হওয়ায় এলাকার লোক গাছে উঠে পাখিটিকে মুক্ত করতে পারছিলেন না। অবশেষে পাড়ার ছোট্ট এক বালক শুভদীপ সেনগুপ্তের নিজস্ব মুন্সিয়ানায় উপস্থিত বুদ্ধিতে সুতো দিয়ে ঢিল প্যাঁচ করে পাখিটিকে মগডাল থেকে উদ্ধার করে আনা সম্ভব হয়। এলাকার যুবকরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। দু'দিন পর উদ্ধার করা হয় শালিক পাখিটিকে। মাঞ্জা সুতোয় জড়িয়ে পাখিটি ডানা এবং পায়ে চোট পেয়ে আহত হয়ে পড়েছিল।
অবশেষে এক মহিলা তাঁর বাড়িতে এনে পাখিটির শুশ্রূষা করেন। পাখিটি সুস্থ হয়ে গেলেই তাকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। চতুর্থ শ্রেণীর ছাত্র শুভদীপ সেনগুপ্ত জানায়, দাদারা এসে বলেছিল পাখিটা গাছে আটকে আছে। গিয়ে দেখে পাখিটা বড় গাছের ডালে আটকে আছে পাখিটার ডানা কেটে গিয়েছে। পাখিটাকে উদ্ধার করে নামানো হয়েছে। পাখিটাকে উদ্ধার করতে পেরে ভালো লাগছে।

Post a Comment