গড়বেতায় হাতির হামলায় সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের লাদনা ও বাগাখুলিয়া এলাকায় বুধবার রাতভোর তাণ্ডব চালালো চার থেকে পাঁচটি হাতির দল।এই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল ।যার ফলে রীতিমতো মাথায় হাত এলাকার চাষীদের। প্রসঙ্গত বেশ কয়েক দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ওই এলাকার বাসিন্দারা বলেন বুধবার সারারাত চার থেকে পাঁচটি দাঁতাল হাতি গ্রামে এসে ব্যাপক হামলা চালায়।
একের পর এক জমিতে গিয়ে সবজি চাষের ব্যাপক ক্ষতি করে। গ্রামবাসীরা গভীর রাতে ফোন করে বন দফতর কে বিষয় টি জানায়। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে হাতিগুলিকে জঙ্গলের দিকে নিয়ে যেতে পারেনি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা সবজি চাষের পাশাপাশি ঘরবাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। সেই সঙ্গে যেভাবে ওই পাঁচটি হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে ।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় ওই এলাকার গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ।

Post a Comment