ধসের জেরে বাংলা-সিকিম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন - The News Lion

ধসের জেরে বাংলা-সিকিম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

 


দি নিউজ লায়নঃ  সেবকের কাছে জাতীয় সড়কে ধসের জেরে বাংলা-সিকিম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার সকাল থেকেই সেবকের হাসুয়ার কাছে জাতীয় সড়ক১০ এর ওপর কয়েকশো গাড়ির দাঁড়িয়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে সেবকের করোনেশন সেতু থেকে ঢিল ছোড়া দূরত্বে আচমকা ধস নামে। সেবক থানার সিটঙ গ্রাম পঞ্চায়েত ৩এর হাসুয়ার কাছে হুড়মুড়িয়ে জাতীয় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এদিন সকাল থেকে সমতল ও সিকিমের মধ্যে যাতায়াতকারী যাত্রী ও পণ্যবাহি শয়ে শয়ে গাড়ি আটকে পড়ে। 


দীর্ঘক্ষণ জাতীয় সড়কের ওপর অপেক্ষা করতে হয় পর্যটক গাড়িগুলিকে। দার্জিলিং জেলা প্রশাসনের তরফে তৎপর ভূমিকা নিয়ে সকাল থেকে ধস সারানোর কাজে নামানো হয়। ধস সরানোর কাজে লাগানো হয় পাঁচটি জেসিবি গাড়িকে। কাজে নামে বর্ডার রোড অর্গানাইজেশন, দমকল ও বিপর্যয় মোকাবিলা টিম।মাস খানেকের ব্যবধানের মাঝেই উত্তরবঙ্গজুড়ে বৃষ্টিপাতের জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধসের খবর মিলেছে।


 এরমাঝে পাহাড়ের ভূগর্ভস্থ রেল টানেলের কাজ চলায় ধসের প্রবনতা বাড়ছে বলেই মত পাহাড়বাসীর। এদিন দার্জিলিং জেলা শাসক এস পুনম বল্লাম জানান ধস সরানোর কাজে দুটি টিম কাজ করছে। রাতের মধ্যেই ধস সরিয়ে রাস্তা সচল করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ধসের জেরে জাতীয় সড়কের ওপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে আনতে ছোট গাড়িগুলিকে মালবাজার ও জোড়বাংলোর বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের সমতল ও পাহাড় জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনার কথা ব্যক্ত করেছে হাওয়া অফিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.