ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫
দি নিউজ লায়নঃ দুটি থানা এলাকায় ডাকাত সন্দেহে ৫ জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দু’জনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম সুকুর আলি শা ও হীরেন শা। ভাতার থানার কালুত্তক গ্রামে তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার গভীর রাতে ভাতার-সামন্তী রোডে কুবাজপুর মোড়ের কাছে একটি নির্জন জায়গায় ৫-৬ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে ওই দু’জনকে ধরে।
দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লাঠি, নাইলনের দড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। কুবাজপুর বাজারে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিস। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৩ আগস্ট ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
অন্য একটি ঘটনায় ডাকাত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ রাজু, শেখ রাকেশ ও রবীন্দ্রনাথ চৌধুরী। মঙ্গলকোট থানার কৈচরে রবীন্দ্রনাথের বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান থানার হটুদেওয়ান পিরতলা এলাকায়। রবিবার গভীর রাতে বর্ধমান-কালনা রোডে কপিবাগান এলাকা থেকে তাদের ধরা হয়। শনিবার রাতে এগ্রিকালচার ফাের্মর কাছ থেকে ডাকাত সন্দেহে কয়েকজনকে ধরে পুলিস। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে রাজু, রাকেশ ও রবীন্দ্রনাথ ছিল বলে পুলিসের দাবি। বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতদের ২০ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
Post a Comment