বেলুড়ে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা কর্মসূচি
দি নিউজ লায়নঃ শিশুশ্রম ও শিশু ভিক্ষাবৃত্তি প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ ( ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস )। মঙ্গলবার সকালে হাওড়ার বেলুড় মঠের সামনে এই নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কালীঘাট, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ এই তিনটি জায়গায় এবার এই বিশেষ ক্যাম্প করা হচ্ছে বলে জানা গেছে।
শিশুদের দিয়ে যাতে ভিক্ষাবৃত্তি করানো বন্ধ হয় এবং শিশুশ্রম যাতে বন্ধ হয় এই নিয়ে মানুষকে এদিন সচেতন করা হয়। উদ্যোক্তাদের বক্তব্য, প্রতিটা শিশু যাতে স্কুলে লেখাপড়ার জন্য যায় এই উদ্দেশ্য নিয়েই তাদের এই সচেতনতা শিবির। তিনটি জেলায় এবারের এই কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
বেলুড় মঠ এলাকায় এই কর্মসূচি উপলক্ষে ফ্লেক্স, পোস্টারিং করা হয়। পথচলতি মানুষ ও মঠের দর্শনার্থীদের লিফলেট বিলি করে শিশু ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম প্রতিরোধে সচেতন করা হয়। এর জন্য একটি হেলপ্লাইন চালু করা হয়েছে। সেই হেল্পলাইনে শিশু অধিকার লঙ্ঘনের ব্যাপারে সমস্ত কেস নেওয়া হয়। এখানে সকলেই এমনকি একজন শিশুও অভিযোগ জানাতে পারে। এই হেল্পলাইন নম্বরটি হল ৯৮৩৬৩০০৩০০।

Post a Comment