মুরগীর মাংসের দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ - The News Lion

মুরগীর মাংসের দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  মুরগীর মাংসের দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীকে মারধোর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ভাটপাড়া থানার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন পানপুর মোড়ের ঘটনা। আক্রান্ত মুরগীর মাংস বিক্রেতা বিজেপি কর্মী প্রসেনজিৎ সাহা ভাটপাড়া থানার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাল সুভাষপুরের বাসিন্দা। আক্রান্ত বিজেপি কর্মীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে। 


আক্রান্ত প্রসেনজিৎ সাহার অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূলের খোকন, ভোলা, সন্তু দলবল নিয়ে তার ওপর হামলা চালিয়েছে। তার স্ত্রী দীপা সাহাকেও মারধোর করা হয়েছে। প্রসেনজিতের অভিযোগ, স্ত্রীর কোল থেকে তিন বছরের শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে ওরা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আক্রান্তের দাবি, এদিন সকালে দোকান খুলতে এসে দেখেন দোকান ভাঙচুর হয়ে গেছে। খাঁচা থেকে চারটি মুরগি উধাও। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি ভাটপাড়া থানায় ফোন করেন। কিছুক্ষনের মধ্যে তৃণমূলীরা দলবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিদায়ী তৃণমূল কাউন্সিলর দেব প্রসাদ সরকারের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত বিবাদের জেরে এই ঘটনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.