বাঁকুড়ার সাইবার অপরাধ কান্ডে গ্রেফতার আরও তিন - The News Lion

বাঁকুড়ার সাইবার অপরাধ কান্ডে গ্রেফতার আরও তিন

 


দি নিউজ লায়নঃ  বাঁকুড়ার সাইবার অপরাধ কান্ডে আরো তিন জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । এই কান্ডের মূল পান্ডা অভিষেক মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে এই তিন জনের খোঁজ পায় পুলিশ । এরপর বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় । পুলিশ জানিয়েছে ধৃত তিন জনের নাম মানস সাহানা , কৃপাসিন্ধু সাহানা ও দীপক গুই । মানস সাহানা অ কৃপাসিন্ধু সাহানার বাড়ি বাঁকুড়ার বেলিয়াডি গ্রামে । জানা গেছে এই দু’জন একটি বেসরকারি মোবাইল পরিসেবা প্রদানকারী সংস্থার ডিলার হিসাবে কাজ করত । 


ভুয়ো নথির সাহায্যে হাজারে হাজারে আক্টিভেট করা সিম কার্ড এই দু’জনের হাত ধরেই পৌঁছে যেত ঘটনার মাস্টার মাইন্ড অভিষেক মন্ডলের কাছে । ঘটনায় অপর ধৃত দীপক গুই এর বাড়ি বাঁকুড়ার জয়পুর থানা এলাকায় । পুলিশ সূত্রে খবর দীপক গুই একটি ই ওয়ালেট সংস্থার মার্চেন্ট । তদন্তে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতারক গোষ্ঠীকে ভুয়ো নথির ভিত্তিতে তৈরি ই ওয়ালেট বিক্রি করে অভিষেক মন্ডলের ভার্চুয়াল যে টাকা উপার্জন হত তা নগদে পরিনত করত এই দীপক গুই ।


 এদিন ধৃত তিনজনকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে আদালত তিনজনকেই ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় । এদিকে গোটা ঘটনা সম্পর্কে আর বিশদে তথ্য জানতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে তদন্তকারীদের তরফে জানানো হয়েছে । বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে । ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলে আর অনেক তথ্য জানা সম্ভব হবে” ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.