মাত্র তিন দিনেই দুঃসাহসিক চুরির কিনারা
দি নিউজ লায়নঃ কোভিডে মৃত অবসরপ্রাপ্ত পুর্ব রেলকর্মীর হাওড়ার লিলুয়ার বাড়ি থেকে দিনকয়েক আগে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার তদন্তে নেমে লিলুয়া থানার পুলিশ মাত্র তিন দিনেই ভট্টনগরের ওই দুঃসাহসিক চুরির কিনারা করে ফেললো। ঘটনায় তিনজন গ্রেফতারের পাশাপাশি উদ্ধার হয়েছে চুরির সব মালপত্র। গত জুন মাসে ওই অবসরপ্রাপ্ত রেলকর্মী কোকিল চন্দ্র পাঁজার (৬৪) মৃত্যুর পর তাঁর স্ত্রী ও ছোট মেয়ে উত্তরপাড়ায় বড় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। হাওড়ার লিলুয়ায় তাঁদের বাড়িটি ফাঁকা অবস্থাতেই কয়েকদিন ধরে পড়েছিল।
সেই সুযোগকে কাজে লাগিয়েই দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটেছিল। কয়েকদিন ধরে লিলুয়া অরবিন্দনগরের তুলাতলার ওই বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির পিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় কুড়ি ভরি সোনার গয়না, আড়াই লক্ষ টাকা নগদ, অ্যাপেল কোম্পানির ল্যাপটপ, ইনডেক্সের হোম থিয়েটার, অ্যাপেলের ঘড়ি সহ ব্যাঙ্কের সব চেক বই এবং পাসবই নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা।
পরিবারের সদস্যরা গত ৫ আগস্ট বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন। লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে ৭২ ঘন্টার মধ্যেই দোষীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলো নীলাঞ্জন কর ওরফে পলাশ (৩০), অমিত কুন্ডু ওরফে পুটলি (২৫) ও কার্ত্তিক দাস ওরফে ভোলা (৩৩)। ধৃতেরা সকলেই লিলুয়া অরবিন্দনগরের স্থানীয় যুবক বলে পুলিশ জানিয়েছে। এদের পুলিশ নিজের হেফাজতে নিয়ে চুরির মাল উদ্ধার করেছে।

Post a Comment