তৃণমূল কর্মীর পরিবারকে প্রাণনাশের হুমকি
দি নিউজ লায়নঃ নিজেদের জায়গা দখল করে বেআইনি বাড়ি নির্মাণের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো ভাজপা সমর্থক প্রতিবেশী এক ব্যবসায়ী ও তার দলবলের বিরুদ্ধে। শনিবার রাতে এব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত ওই তৃণমূল কর্মীর পরিবার। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটটা এলাকায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার এক ব্যবসায়ী কালীচরণ সাহা তুলসিহাটটা এলাকায় বেআইনিভাবে প্রতিবেশী তৃণমূল কর্মী নিরঞ্জন রায়ের জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করছে বলে অভিযোগ। বেআইনি এই দখলের প্রতিবাদ করাতেই তৃণমূল কর্মী নিরঞ্জন বাবুর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরই তৃণমূল কর্মী ওই পরিবার কালীচরণ সাহাসহ তার দলবলের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য শশীভূষণ পান্ডে জানিয়েছেন, এই এলাকায় একটা বাড়ি তৈরীর নিয়ে সমস্যা বহুদিন থেকে তৈরি হয়ে আছে। এই এলাকার বাসিন্দা কালীচরণ সাহা অবৈধভাবে গরিব মানুষদের জায়গা দখল করছে। ইতিমধ্যে এক তৃণমূল কর্মীর পরিবারের জায়গাও বেআইনি ভাবে দখল করে নির্মাণ কাজ চালাচ্ছে। এব্যাপারে পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

Post a Comment