ব্রাহ্মণীর ভাঙনে নাজেহাল সাধারণ মানুষ
দি নিউজ লায়নঃ বামনগোলা ব্লকের নালাগোলার মন্দিরপাড়ায় ভাঙনের জেরে নাজেহাল সাধারণ মানুষ। গত বছর থেকে পাড় কাটছে অখ্যাত ব্রাহ্মণী। ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি। কিছু বাড়ির অর্ধেক অংশ এখন নদীতে। এবারও শুরু হয়েছে ব্রাহ্মণীর ভাঙন। আশঙ্কায় দিন ও রাত কাটাচ্ছে অন্তত ৩০টি পরিবার।
আশঙ্কা রয়েছে আরও অনেকের। গোটা বিষয়টি জানানো হয়েছে বিডিও, এমনকি এসডিও দপ্তরেও। কিন্তু ভাঙন আটকানোর কাজ এখনও শুরু হয়নি। ঘটনার কথা জানে পঞ্চায়েত সমিতি। রাজনীতির পাকচক্রে তারাও ভাঙন আটকাতে কোনও ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতিতে অনেকেই ঘরে রাত কাটাতে ভয় পাচ্ছেন। রাতটা কাটাচ্ছেন নিরাপদ কোনও জায়গায়।
গতবারই ওই গ্রামের বাসিন্দা লক্ষ্মী পালের বাড়ির একাংশ নদীর ভাঙনে ধসে গিয়েছে। ঋণ নিয়ে একটি শৌচাগার বানিয়েছিলাম। সেটিও ধসে গিয়েছে। অথচ তার ঋণ এখনও পরিশোধ করতে পারিনি। মাসখানেক ধরে ফের ভাঙন শুরু হয়েছে। আমরা সবাই ধারদেনা করে এক লরি বালি কিনেছিলাম। সেই বালিও এখন নদীগর্ভে। রাতে ভয়ে ঘুম হয় না। গোটা ঘটনা এসডিও অফিসে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি।

Post a Comment