অভিষেকের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
দি নিউজ লায়ন; ত্রিপুরায় তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আজ বাঁকুড়ার রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন তৃনমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা । আজ দুপুরে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা থেকে লালবাজার যাওয়ার মূল সড়কের উপর কলেজ মোড় এলাকায় একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় ।
এই প্রতিবাদ সভায় শুধুমাত্র তৃনমূল ছাত্র পরিষদের নেতারাই নন হাজির ছিলেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা , দলের জেলা মুখপাত্র দিলীপ আগরওয়াল , বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় সহ তৃনমূলের বহু নেতা । প্রতিবাদ সভা শেষে তৃনমূল ছাত্র পরিষদ কর্মীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন ।
সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দেন তৃনমূল ছাত্র পরিষদ ও তৃনমূলের নেতৃত্ব । তৃনমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু বলেন, “ ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্বে একটি অমানবিক সরকার চলছে । বিপ্লব দেবের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই । আমরা ছাত্র যুবরা নেত্রীর নির্দেশ পেলে এই ঘটনা বুঝে নেওয়ার ক্ষমতা রাখি” ।

Post a Comment