ভুবনেশ্বরে ১০০ শতাংশ টিকা প্রদান সম্পন্ন
দি নিউজ লায়নঃ করোনাভার বিরুদ্ধে লড়াই করার একমাত্র পথ টিকাকরণ। গোটা দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ অভিযান। এই পরিস্থিতিতে বড়সড় নজির তৈরি করল ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। এই শহরে করোনার বিরুদ্ধে টিকাকরণ ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দেশে এই প্রথম কোনো শহর এই কৃতিত্ব অর্জন করল। ওড়িশা শহরে এক লাখ পরিযায়ী শ্রমিককেও প্রথম ডোজের টিকা দেওয়া হয়ে গেছে।
ভুবনেশ্বর মিউনিসিপ্যাল করপোরেশনের দক্ষিণ-পূর্ব জোনের ডেপুটি কমিশনার অংশুমান রথ জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে জনসংখ্যার ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরও টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভুবনেশ্বর মিউনিসিপ্যাল করপোরেশন একটি লক্ষ্য স্থির করেছিল। যেখানে ৩১ জুলাইয়ের মধ্যে ১০০ শতাংশ টিকাকরণের চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে ১৮ বছরের ওপরে ৯ লাখ ৭ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে।
ভুবনেশ্বরে প্রায় ৩১ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছেন। প্রথম সারির স্বাস্থ্যকর্মী রয়েছেন ৩৩ হাজার। আর ১৮-৪৪ বছরের মধ্যে মানুষের সংখ্যা ৫ লাখ ১৭ হাজার। ৪৫ বছরের ওপরে রয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। পুরসভার নেওয়া করোনার টিকাকরণ অভিযানে এসব মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। টিকাকরণের গতি ঠিক রাখতে ৫৫টি অতিরিক্ত টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে ভুবনেশ্বর জুড়ে। এর মধ্যে ৩০টি প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি সেন্টারকে টিকাকেন্দ্র তৈরি করা হয়েছিল। ৩০ জুলাই পর্যন্ত ১৮ লাখ ৩৫ হাজার ডোজ দেওয়া হয়েছিল। এর থেকে স্পষ্ট হয় যে, ৯ লাখ ৭ হাজার জনসংখ্যার ভুবনেশ্বরে সবাই টিকা পেয়েছেন। তারা দ্বিতীয় ডোজও নিয়েছেন।

Post a Comment