দিনহাটায় ভাজপায় ভাঙন অব্যাহত
দি নিউজ লায়ন; নিশীথ গড় বলে পরিচিত দিনহাটায় ভাজপায় ভাঙন অব্যাহত। শুক্রবার বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক হিমাংশু দাস প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। গতকালও বিজেপির এক মণ্ডল সভাপতি সহ ১১ জন বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁদের সঙ্গে আরও প্রায় তিন শতাধিক বিজেপির কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে দলবদল করেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক দিনহাটার ভেটাগুড়ি এলাকার বাসিন্দা। সাংগঠনিক ভাবে নিশীথ বাহিনী ওই এলাকাতেই অনেক বেশী শক্তিশালী।
২০১৯ এর লোকসভা নির্বাচনের পর ২০২১ এর বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হন নিশীথ প্রামাণিক। কিন্তু শেষ পর্যন্ত সাংসদ পদে থেকে যাবেন বলে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন নিশীথ প্রামাণিক। স্বাভাবিক ভাবেই ওই আসনে ফের উপনির্বাচন হতে চলেছে। তার আগে তৎপর হয়ে উঠেছে রাজ্যের শাসক দল। ওই এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও শহর এলাকা থেকেই মাঝে মধ্যেই বিজেপি নেতা কর্মীরা দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। গতকাল বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ছোট শাকদল স্কুলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের হাত ধরে বিজেপির ২৫ নম্বর মণ্ডলের সভাপতি বিনয় রায় সরকার জোড়াফুল শিবিরে যোগ দেন। সেখান বিজেপির আরও ১১টি বুথের সভাপতি সহ বহু কর্মী সমর্থক বিনয় রায় সরকারের সাথে দল বদল করেন।
এদিন ফের বিজেপির দিনহাটা শহর মণ্ডল সম্পাদকের দলবদল বিজেপি শিবির নেতৃত্বের অনেককেই উদ্বিগ্ন করে তুলছে। তৃনমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটাই শেষ নয়, প্রায় প্রতিদিনই দিনহাটার কোন না কোন এলাকা থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা তৃণমূল শিবিরে যোগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। ধীরে ধীরে তাঁদের সকলকে যোগদান করানো হবে।

Post a Comment