বিশ্ব চিকিৎসক দিবসে চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন হাওড়ায়
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার ১ জুলাই ডক্টর'স ডে উপলক্ষে হাওড়া পৌরনিগমের প্রশাসকমন্ডলীর নির্দেশে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডাঃ শীতল চন্দ্র ঘোষ ল্যাবরেটরীতে (পূর্বতন থ্যালাসেমিয়া হাসপাতাল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়া পৌরনিগমের সকল চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা চৌধুরী, পুর প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য্য, হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা। উল্লেখ্য, ডাঃ শীতল চন্দ্র ঘোষ ল্যাবরেটরির অত্যাধুনিক এইচপিএলসি ভ্যারিয়েন্ট-২ যন্ত্রের দ্বারা আধুনিক পদ্ধতিতে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা সম্ভব হবে।
বেসরকারী ক্ষেত্রে এই পদ্ধতিতে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করতে আনুমানিক খরচ প্রায় দেড় হাজার টাকা। হাওড়া পৌরনিগম এই পরীক্ষা দুঃস্থ, অবহেলিত (যেমন বস্তিতে বসবাসকারী, হোম বা সংশোধনাগরে বসবাসকারী) অবিবাহিত যুবক যুবতীদের জন্য বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষ এই পরীক্ষা সামান্য মূল্যে প্রতি পরীক্ষা মাত্র ৩০০ টাকায় করাতে পারবেন। এছাড়াও এই ল্যাবরেটরীতে অবস্থিত অন্যান্য যন্ত্রপাতির আধুনিকীকরণের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের ও সাধারণ মানুষকে সুলভে অন্যান্য পরিষেবা আগামী দিনে দেওয়া হবে বলে জানা গেছে। এদিন অনুষ্ঠানে এসে মন্ত্রী অরূপ রায় বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বছরটাকে ঘোষণা করেছে থ্যালাসেমিয়া বছর হিসেবে।
সেই উপলক্ষে থ্যালাসেমিয়া হাসপাতালে এদিন এই প্রকল্প চালু করা হলো। এখানে সমস্ত কম বয়সী মেয়েদের থালাসেমিয়া পরীক্ষা হবে। গরিবদের জন্য বিনামূল্যে পরীক্ষা হবে। বাকিদের পরীক্ষার জন্য সামান্যই টাকা দিতে হবে। বিয়ের আগে কুষ্টি বিচার না করে থ্যালাসেমিয়া টেস্ট করা উচিত। হাওড়া পুরনিগম এই উদ্যোগ গ্রহণ করেছে। থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য এই ধরনের অত্যাধুনিক মেশিন হাওড়া জেলায় একমাত্র এই হাসপাতালেই আছে। কয়েক বছর আগে হাওড়া পুরনিগম এই মেশিনটি কিনেছিল। আজ বিশিষ্ট চিকিৎসক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিনে ডক্টর'স ডে'তে এই প্রকল্পের সূচনা করা হলো। এটি ডাঃ বিধান চন্দ্র রায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।এদিন মন্ত্রী এরপরে হাওড়া জেলা হাসপাতালেও ডক্টর'স ডে'র অনুষ্ঠানে যোগ দেন। ডাঃ বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি।

Post a Comment