সোনারপুরে জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের গুলি !
দি নিউজ লায়ন; সোনারপুরে জমি দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের গুলি ! ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ডিহি গ্রামের বাসিন্দা রঙ্গলাল মন্ডলের জমি দখল করার চেষ্টা করে স্থানীয় প্রমোটার শ্যামল মাকাল। শনিবার সকালে ওই প্রমোটার দলবল নিয়ে রঙ্গলাল মন্ডলের বাড়িতে যান। তাঁর বাড়ির পাশের কয়েক কাঠা জমির ওপর বেড়া দেওয়ার চেষ্টা করেন। তার প্রতিবাদ করতেই গোলমাল বেঁধে যায়। জমির মালিক রঙ্গলাল ও তাঁর পরিবারের লোকজনকে চেলা কাঠ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পাশাপাশি শূণ্যে গুলি ছোঁড়ার অভিযোগও উঠেছে। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শ্যামল মাকাল নামের এক প্রমোটারের বিরুদ্ধেই এই দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এদিন সকালে জমি দখলের জন্য বেশ কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে রঙ্গলালের বাড়িতে যায় শ্যামল। রঙ্গলালের জমিতে জোর করে খোঁটা মারতে গেলে তিনি বাধা দেন। তখনই তাঁর পরিবারের লোকেদের ওপর হামলা চালানো হয়। ঘরের ভিতর ঢুকে দুষ্কতীরা ঘরের আসবাবা, টিভি, চেয়ার টেবিল, রান্নার সরঞ্জাম সব ভাঙচুর করে।
ওই পরিবারের মহিলারা অভিযোগ করেন, ‘হঠাত করেই আমাদের জায়গা দখল করতে আসে।বাধা দিলে মারধর করে।বাড়ির সব জিনিসপত্র লন্ডভন্ড করে দেওয়া হয়।বাড়িতে ভাঙচুর চালায় ওরা।‘ আগেও একবার ওরা জমি দখল করতে এসেছিল। সবাই রুখে দাঁড়ানোয় এবং থানা থেকে পুলিশ আসায় কিছু করতে পারেনি।এদিন ওরা বন্দুক নিয়েই এলাকায় আসে। খুন করার হুমকি দেয়। জমি না দিলে ওরা রঙ্গলালকে খুন করে দেবে বলেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment